ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বেরোবিতে ছাত্রলীগ সম্মেলন অনুষ্ঠিত

৯ ০৯, ২০২৬ ১৪:১৬:২৫

সালমান হাফিজ
বেরোবি প্রতিনিধি

রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের প্রথম সম্মেলন ২০১৭। আজ মঙ্গলবার সকাল ১১ টায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এর উদ্বোধন করেন। পরে বিকেল সাড়ে ৪ টায় এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক,রংপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি,রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডলসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক ছাত্রলীগের ইতিহাস তুলে ধরে সেই আদর্শকে লালন করার আহবান জানান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন দার্শনিক হিসেবে উল্লেখ করেন।বক্তব্যের শুরুতেই তিনি তার বক্তব্যের মধ্যে শ্লোগান না দেয়ার আহবান জানান এবং বক্তব্যের শেষে তিনি বেরোবি ছাত্রলীগের শৃঙ্খলায় সন্তুষ্টি প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কামাল মোহাম্মদ নাসের রুবেল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইয়াজ আল রিয়াদ, সহ-সম্পাদক জায়েদ বিন জলিল।

বেরোবি ছাত্রলীগ সভাপতি চৌধুরী মেহেদি হাসান শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান।

উল্লেখ্য, আজকের সম্মেলনের মাধ্যমে বেরোবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও এই সংবাদ লেখা পর্যন্ত নতুন কমিটির কোন ঘোষণা পাওয়া যায়নি।
 

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: