‘মার্কিন হামলা সিরিয়াকে লড়াই থেকে বিরত করতে পারবে না’

৯ ০৯, ২০২৬ ১৪:১৬:৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া কঠোর ভাষায় দেশটির ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে। সিরিয়ার হোমস প্রদেশের একটি বিমান ঘাঁটির বিরুদ্ধে চালানো মার্কিন এ হামলাকে আগ্রাসী তৎপরতা হিসেবে অভিহিত করেছে।

আজ (শুক্রবার) ভোরে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটির কয়েকটি অবস্থানে প্রায় ৬০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। গত মঙ্গলবার ইদলিবে চালানো রাসায়নিক হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে দায়ী করে এ হামলা চালায় মার্কিন বাহিনী।

হোমসের গভর্নর তালাল বারাজানি বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা সশস্ত্র তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উদ্দেশ্য হাসিল করেছে। মার্কিন এ আগ্রাসন সিরিয়া সরকারকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই থেকে বিরত করতে পারবে না। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে ফোনে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি।

সিরিয়ার বিরুদ্ধে মার্কিন এ হামলাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। এদিকে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর সিরিয়ার মার্কিন হামলায় ঘটনায় উৎসবে মেতে উঠেছে। খুব ভোরে নেতানিয়াহুর দফতর থেকে দেয়া বিবৃতিতে স্বাগত জানিয়ে এ হামলাকে সাহসী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।

এ দিকে, এ হামলার কয়েক ঘণ্টা আগে দেয়া বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে মার্কিন হামলাকে স্বাগত জানাবে তুরস্ক।

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। এ ছাড়া, রাশিয়াও নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করবে বলে জানিয়েছে।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: