‘বেইজিং কল ফর অ্যাকশান’ এর কো-চেয়ার বাংলাদেশ

৩ ০৩, ২০২৬ ০৪:৪০:৫৩

জাতিসংঘে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক সাউথ-সাউথ কো-অপারেশনের ‘বেইজিং কল ফর অ্যাকশান’ বাস্তবায়নে গঠিত ‘কোঅর্ডিনেটিং কমিটি অন দ্য সাউথ-সাউথ কো-অপারেশন ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট’ এর কো-
চেয়ারপারসন মনোনীত হয়েছে বাংলাদেশ। 

৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সদর দপ্তরে সাউথ-সাউথ কো-অপারেশনভুক্ত বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, চীন, কেনিয়া, সাউথ আফ্রিকা, উগান্ডা ও তিউনিশিয়ার প্রতিনিধিগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে দক্ষিণ আফ্রিকাকে চেয়ারপারসন এবং বাংলাদেশকে কো-চেয়ারপারসন হিসেবে মনোনীত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি। এসময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত বছর ১৮ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ‘মিনিস্টেরিয়াল স্ট্রাটিজিক ডায়ালগ অন সাউথ-সাউথ কো-অপারেশন ফর পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক সভায় জনসংখ্যা ও উন্নয়নের ক্ষেত্রে সাউথ-সাউথ কো-অপারেশনের জন্য ‘বেইজিং কল ফর অ্যাকশান’ গ্রহণ করা হয়। উক্ত ‘বেইজিং কল ফর অ্যাকশান’-কে সামনে এগিয়ে নেওয়া এবং এর নিয়মিত ফলোআপের জন্য ‘সাউথ-সাউথ কো-অপারেশন’- এর সদস্যদেশগুলোকে নিয়ে একটি কোঅর্ডিনেটিং কমিটি প্রস্তুত করার লক্ষ্যে ইউএনএফপিএ ৬ এপ্রিল এই সভার আয়োজন করে।

সভায় সাউথ-সাউথ কো-অপারেশন- এর সদস্য দেশের প্রতিনিধিগণ জনসংখ্যা ও উন্নয়ন বিষয়টিকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের উপর জোর দেন। প্রতিমন্ত্রী জাহিদ মালেক জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে গত প্রায় আট বছরেরও বেশী সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে সফলতা অর্জন করেছে তা তুলে ধরে বলেন, “বেইজিং কল ফর অ্যাকশান বাস্তবায়নে বাংলাদেশের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে এবং এক্ষেত্রে বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে”। 

তিনি আরও বলেন, “শুধু আলোচনার টেবিলে বসে থাকলে চলবে না, আমাদেরকে বেইজিং ঘোষণা বাস্তবায়নে এখনই কাজে নেমে যেতে হবে”। চলতি বছরের নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিতব্য পার্টনার্স ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (পিপিডি)- এর মন্ত্রী পর্যায়ের সভার আগের দিন অর্থাৎ ২৫ নভেম্বর এই কো অর্ডিনেটিং কমিটির পরবর্তী আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় নতুন এই কোঅর্ডিনেটিং কমিটির টার্ম অব রেফারেন্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি নির্দিষ্ট করা হবে মর্মে আজকের সভা সিদ্ধান্ত গ্রহণ করে।

নতুন এই কোঅর্ডিনেটিং কমিটির আজকের সভার সভাপতির দায়িত্ব পালন করেন দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা ও উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন বিভাগের চীফ ডাইরেক্টর জ্যাকুইস; ভ্যান জুইদাম।

উল্লেখ্য ৩-৭ এপ্রিল, জাতিসংঘ সদর দপ্তরে কমিশন অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট এর ৫০তম সেশনে বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিত্ব করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি।


 

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: