বেনাপোলে কৃমিনাশক ওষুধ খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু

১৩ ১৩, ২০২৬ ১৬:১৯:৪৪

ইয়ানুর রহমান যশোর প্রতিনিধি

বেনাপোলে কৃমিনাশক ওষুধ খেয়ে রিয়া (১০) না‌মে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছে বলে অভিযোগ উঠেছে।
৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা‌টি ঘটে। মৃত রিয়া বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের ৩ নম্বর ঘিবা গ্রামের আবু বক্করের মেয়ে ও ঘিবা সরকারি প্রাথিমক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

রিয়ার পিতা জানান, বুধবার সকালে রিয়া প্র‌তি‌দি‌নের মত স্কুলে যায়। এসময় স্যারেরা তাকেসহ অন্যান্য শিশু‌দের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ায়। এরপর বাড়িতে ফিরে সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তার স্বাস্থ্যের অবনতি হলে যশোরে নেওয়ার পথে সে মারা যায়।

ঘিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, রিয়াসহ স্কুলের আরো অনেককে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে। এতে অন্য কারো সমস্যার খবর পাওয়া যায়নি। এ মেয়ের কিভাবে সমস্যা হলো বুঝতে পারছিনা।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আব্দুল মজিদ জানান, সে অসুস্থ্য হয়ে পড়লে তার পরিবার সকালে তাকে প্রাইভেট চিকিৎসালয়ে নিয়ে আসে। এসময় তার প্রচন্ড বমি ও খিচুনি হচ্ছিলো। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে শুনি সে মারা গেছে। তবে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে তার মৃত্যু হয়েছে কি না এ ব্যাপারে এই চিকিৎসক নিশ্চিত করে বলতে পারেননি।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: