মাশরাফির বিদায়, ভক্তরা হতাশায়
অনলাইন ডেস্ক: বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার টি-২০ সংস্করণ থেকে বিদায় যেন কিছুতেই মেনে নিতে পারছে না ম্যাশের ভক্তরা। ম্যাশকে ক্রিকেটের এই ছোট সংস্করণে ফিরিয়ে আনতে চেষ্টার কমতি করছেন না মাশরাফি ভক্তরা। সার্বক্ষণিক বার্তা দিয়েই যাচ্ছে মাশরাফির অফিসিয়াল ফেসবুক পেজের কমেন্ট অপশনে। অনেক ভক্তরা তো ইতমধ্যে মাশরাফির জন্য কবিতা লেখা শুরু করেছে। যে কবিতায় তুলে ধরা হয়েছে মাশরাফির নেতৃত্বগুণ, তার ব্যক্তিগত জীবন কাহিনী, বাংলাদেশের ক্রিকেট দলের প্রতি তার অসাধারণ আত্মত্যাগ ইত্যাদি।
আজ সকালে ম্যাশকে ফিরিয়ে আনতে মানবন্ধন পর্যন্ত হয়ে গেল শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে। ভক্তরা ফিরিয়ে আনতে যে আবেগপ্রবণ বার্তা বা কমেন্ট করেছে ম্যাশের ফেসবুক পেজে তার উল্লেখযোগ্য বার্তা বা মন্তব্য বিডি২৪লাইভ পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হল:
মো. রুবেল হোসেন নামে এক আবেগী ভক্ত আবেগভরা কণ্ঠে লিখেছেন, ‘তামিম ব্যাটিং করার সময় কাঁদবেন। সৌম্য ছেলেটাও কখন কান্না করে দিবে কে জানে? সাব্বির ছেলেটা অনেক চেষ্টা করেও চোখের পানি থামিয়ে রাখতে পারবে না। মুশফিক বরাবরই আবেগপূর্ণ একটা ছেলে, ও তো কাঁদবেই। সাকিব অন্যদেরকে সামাল দিতে দিতে নিজেই কেঁদে ফেলবেন। মোসাদ্দেক তো গতকালই কেঁদে ফেলেছে, আজ কি করবে কে জানে! মাহমুদউল্লাহ সাইলেন্ট কিলার, নিরবেই কাঁদবেন তিনি। সাইফউদ্দিন কি করবে বুঝে উঠতে পারবে না। তাসকিন ড্রেসিং রুমে গড়াগড়ি করে কাঁদবে। মুস্তাফিজ ছেলেটা কাঁদলে কেমন লাগে তা আজ ক্রিকেট বিশ্ব দেখবে। ম্যাশ!!! অনেককেই দেখাবে যে কাঁদছিনা কিন্তু আমরা জানি। আমরা যে তার হৃদস্পন্দন বুঝি... ১৬ কোটি মানুষ আজ স্তব্ধ হয়ে যাবে। ম্যাচের ফলাফল নিয়ে কোনো মাথা ব্যাথা নেই।
অন্যদিনের মতো কোনো খেলোয়াড়কে গালি দেওয়া তো দূরে থাক, মুখ থেকে একটা শব্দ বের হওয়ার আগেই যে চোখ কথা বলছে... আজ নড়াইল এক্সপ্রেস যে টি-২০ ছেড়ে দিচ্ছে। টেস্ট বুঝে ওঠার আগেই ছেড়ে দিয়েছেন। তাই হয়তো কেউ বুঝতেই পারেনি। ভাঙ্গা পা নিয়ে বয়ে চলেছেন ১৬ কোটি মানুষ এর ওজন। ঘাড়ের রগটা বাঁকা করেই চ্যালেঞ্জ করেছেন নিজেকে। তবে আজ কেনো এমন হলো?? নিশ্চুপে সরে যেতে চাইলেও মন যে মানেনা। হয়তো চোখের পানির পরিমানটা কম কিন্তু ভালোবাসা আকাশছোঁয়া। যেখানেই থাকো, ভালো থাকো ম্যাশ। ভালো থেকো বাংলাদেশ মাশরাফি মানেই বাংলাদেশ বাংলাদেশ মানেই মাশরাফি।’
‘হাবিবুল ইসলাম নামে এক ভক্ত বিসিবির প্রতি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘ক্রিকেটের কলিজায় হাত! টি-২০ বিশ্বকাপ পর্যন্ত যেকোন কনডিশনে মাশরাফিকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে থাকতেই হবে। পাপন সাহেব নাসির, বিজয়, আল-আমিনকে কাইড়া নিছেন, মাহমুদুল্লাহকে নিয়ে ছিনিমিনি খেলছেন তখন ও জাতি কিছু বলে নাই কিন্তু এবার তো পাপন সাহেব জাতির "কলিজায়" হাত দিয়ে বসছে।’
রায়হান মাহমুদ নামে এক ভক্ত লিখেছেন, মাশরাফি মুস্তাফিজের চুলগুলো এলোমেলো করে দেয়, কপালে চুমু খায়! রুবেলের সঙ্গে 'দোলা দে' টাইপ ড্যান্স করে! তাসকিনের সঙ্গে 'ম্যাশকিন' উদযাপনে প্রত্যেকবার জয়ী হওয়া মাশরাফি এবার পড়ে যাওয়ার অভিনয় করে! এই মাশরাফি দেশের মাটিতে চার পেসার নিয়ে খেলার দুঃসাহস দেখায়! খেলোয়াড়দের ঝাড়ি মারে, চোখ রাঙ্গায়, আবার বুকেও তুলে নেয়! এই মাশরাফিকে নিয়ে কোনো ছবি বানানো লাগবে না, কোনো আত্মজীবনী লেখা লাগবে না। হি ইজ এ লিজেন্ড, ট্রু লিজেন্ড, সত্যিকারের নেতা! প্রায়ই চোখটা ঝাপসা হয়ে ওঠে, বুকটা চিনচিন করে ওঠে। একদিন তো মাশরাফি আর খেলবে না! কল্পনা করতে পারি না সেই দৃশ্য। গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদিন মাশরাফির গায়ে হয়তো লাল-সবুজ জার্সি থাকবে না, কিন্তু মাশরাফি থাকবে- কোচ হিসেবে থাকবে, না হয় বোর্ডে থাকবে কিংবা গ্যালারিতে! ইতিহাস মনে রাখবে এদেশের সবচেয়ে আক্রমণাত্মক অধিনায়ককে-একজন যোদ্ধাকে, যে কিনা ক্রিকেট মাঠে নিজের দেশের জন্য জীবন দিতে পারতো! মাশরাফি- দ্য লিডার!’
আনসারী নামে এক ভক্ত কবিতার সুরে লিখেন,
“মাশরাফি ,তুমি মহান মানুষ
তোমার নেই তুলনা
তুমি শুধুই তুমি !
তোমার বুকে লুকিয়ে রেখেছ
মানুষের তরে ভালোবাসার খনি ।
তোমার আছে সিংহ হৃদয়
তোমার মত এমন বীর কদাচিৎ জন্মায় ,
তাই তোমাকে মানি ।
ড্রেসিং রুমে তুমিই নেতা
বুঝতে পারো মনের কথা
দলকে তুমি এক সুতোয় গাঁথো ।
বাংলাদেশটা তোমার সমান
তোমায় স্যালুট করি !
তুমি বাড়িয়েছো দেশের মান
তোমার হাতে দেখেছি জয়ের মশাল ।
তুমি যখন স্লিপ কেটে পড়ে যাও
মাটির উপর
তখন বেড়ে যায় বুকের ব্যথা
ক্রিকেট মাঠে তোমার উপস্থিতি
ঋদ্ধ হয় প্রাণ, দু'আ তোমার প্রতি
তুমি বেঁচে থাকো হাজার বছর
বাংলার ক্রিকেট নিয়ে থাকো অহর্নিশি ।
মাশরাফি , তোমার হাতে পতাকা দিয়েছি তোলে ,
তুমি যাবে না কিন্তু চলে
ভেঙে দাও যত আছে
অহংকারের দুর্গ ,
এগিয়ে যাও ,তোমার আছে সৈন্যসামন্ত
তুমি সেনাপতি ।
তোমার মতো এমন ক্রিকেটার দেখেছে কি
কেউ কোনো কালে ?
ভাঙ্গা হাঁটু নিয়ে দাঁড়িয়ে রয়েছো
বিশ্ব ক্রিকেট মাঠে !
দেশের তরে নিজেরে উজার করে
খেলছো জীবন ভর ,
তুমি বাংলাদেশ বুকের গহীনে
আঁকা লাল সবুজ
থাকবে আপন হয়ে সারা জীবন ভর”
সম্পাদনা: মুসা আহমেদ
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: