চিনি শিল্প শীঘ্রই লাভজনক হবে

১৩ ১৩, ২০২৬ ১৬:১৮:৩৪

নাইমুর রহমান
নাটোর প্রতিনিধি


বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন বলেন সকলের আন্তরিকতা থাকলে চিনি শিল্প লাভজনক হওয়াটা এখন সময়ের ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিনি শিল্পের উন্নয়নে ব্যবস্থা নিয়েছেন। শিল্প বহুমূখিকরণের মাধ্যমে তিনি চিনি শিল্পের দ্রুত উন্নয়ন চান। আর আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে কো-জেনারেশনের মাধ্যমে বিদ্যুৎ ও সাদা চিনি উৎপাদনের প্রকল্পের কাজ শুরু হয়েছে।  তিনি বলেন আপনারা মনে প্রাণে চাইলে এ শিল্পের উন্নয়ন হবে।

 জবটাকে এনজয় করতে হবে। আর তা করতে পারলেই কেবল আন্তরিকভাবে কাজ করা সম্ভব। তিনি আরো বলেন শুধু আখের মূল্য বৃদ্ধিতে চাষিদের খুব একটা লাভ হবেনা। আখের ফলন বাড়িয়ে দ্বিগুন করতে হবে। গত মৌসুমে আখের মূল্য পরিশোধে ই-ব্যাংকিং এর সুবিধা পেয়েছেন শতভাগ চাষি। তারা হয়রানীর হাত থেকে রক্ষা পেয়েছেন। বিএসএফআইসি চেয়ারম্যান শনিবার (৮এপ্রিল) লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রেনিং কমপ্লেক্সএ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত ৫টি চিনি কলের কারখানা কার্যক্রমের উপর মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) প্রকৌশলী মাহবুবর রহমান, প্রধান প্রকৌশলী আহসান ছিদ্দিক ও প্রধান রসায়নবিদ মুসতাক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন, জিলবাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন, নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শহিদ উল্লাহ, রেইনউইক এ্যান্ড যজ্ঞেশ্বর কোং (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান প্রমুখ। 

মূল্যায়ন সভায় নর্থ বেঙ্গল সুগার মিল, রাজশাহী সুগার মিল, নাটোর সুগার মিল, জিলবাংলা সুগার মিল ও পাবনা সুগার মিল ও রেইনউইক এ্যান্ড যজ্ঞেশ্বর কোং (বিডি) লিমিটেডের  কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।


 

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: