‘বিরল সম্মাননা দেখিয়ে দাসত্বের চুড়ি’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরল সম্মাননা দেখিয়ে বাংলাদেশের জনগণকে ভারত দাসত্বের চুড়ি পরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জাতীয় সম্পদ, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র পুন:রুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে দেশের জনগণকে ভারতের দাসত্বের চুড়ি পরিয়ে দিয়েছে। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি।
এই চুক্তির ফলে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব নয়, বরং ঘৃণা বাড়বে বলে জানিয়ে তিনি বলেন, চুক্তির বেড়াজালে ফেলে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে না। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নষ্ট হলে দেশের জনগণ তা প্রতিহত করবে বলেও জানান তিনি।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী হাবিব, দলের যুগ্ম মহাসচিব হারুন-অর-রশীদ সহ সংগঠনের নেতাকর্মীরা।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: